কওমি শিক্ষাবোর্ডে দ্বিতীয় স্থানে নারায়ণগঞ্জের জামিআ রাব্বানিয়া মাদরাসা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অবস্থিত দেশখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া মাদরাসা বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডে এবারও দ্বিতীয় স্থান অর্জন করেছে। বুধবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রকাশিত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার প্রাথমিক ফলাফলে মাদরাসাটি ১৯১টি মেধাস্থান অর্জন করে সারাদেশে দ্বিতীয় স্থান অধিকার করে। কিতাব বিভাগে ২৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৬ জন মেধা তালিকায় স্থান পেয়েছেন, যা গড় হিসেবে ৭২.৩৭% শিক্ষার্থীকে মেধা তালিকাভুক্ত করে। ফলাফলে দেখা যায়, হিফজ বিভাগে ২য় স্থান, মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) বিভাগে ২য় ও ৩য় স্থান, ফযিলত (স্নাতক) বিভাগে ২য় স্থানসহ শীর্ষ দশ মেধাস্থান অর্জন করেছে মাদরাসার শিক্ষার্থীরা। ‘ইবতিদাইয়া’য় ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন, ‘মুতাওয়াসসিতা’য় ৬৬ জনের মধ্যে ৬২ জন, ‘সানাবিয়া’য় ৪৭ জনের মধ্যে ২৩ জন, ‘সানাবিয়া উলয়া’য় ২৬ জনের মধ্যে ১৩ জন এবং ফযিলতে ২৫ জনের মধ্যে ৬ জন মেধা তালিকায় স্থান পেয়েছেন। হিফজ বিভাগে ৫ জনসহ মোট ১৯১ জন পরীক্ষার্থী মেধা তালিকায় এসেছে। মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি নজরুল ইসলাম ভাসানী এই সাফল্যে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি শিক্ষার্থীদের মেহনত, শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টা এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করেন।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news