আগামী দুই বছরের মধ্যে গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সড়কমন্ত্রী বলেন, বর্তমান বাস টার্মিনালগুলোতে মানসম্মত পরিবেশ নেই। চার থেকে ছয় মাসের মধ্যেই টার্মিনালগুলোর কিছুটা পরিবর্তন করা হবে। দুই বছরের মধ্যে গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে, সায়েদাবাদ বাস টার্মিনাল সরে যাবে কাঁচপুরে। এভাবে সব বড় বাসস্ট্যান্ড বর্তমান স্থান থেকে সরে যাবে। কিন্তু সময় লাগবে। তিনি বলেন, মানসম্মত এসি বাসগুলো বিদ্যমান বাসস্ট্যান্ড থেকে ছাড়ার মতো পরিবেশ নেই। এসব বাসগুলোর অফিস বা যেখান থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করছে... সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় ভালো টয়লেট ব্যবস্থা রয়েছে, ভালো পরিবেশ রয়েছে। কিন্তু অন্য বাসের স্ট্যান্ডগুলোর পরিবেশ ভালো নেই। মন্ত্রী বলেন, বাস ব্যবস্থাপনায় একটি শৃঙ্খলা আসবে। দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। বেসরকারি বিভিন্ন উন্নত মানের বাসগুলো কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানকে স্ট্যান্ড বানিয়ে এখন যেভাবে যাত্রী ওঠা-নামা করায়, সেটি আর করতে পারবে না।
0 Comments
Your Comment