চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় নৌকাডুবিতে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। উদ্ধারের পর তাদের ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে পতাকা বৈঠকে উদ্ধার হওয়া বাংলাদেশিদের ফেরত দিয়েছে বিএসএফ।
শনিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের বাখের আলী ঘাট থেকে একটি ছোট নৌকা নারায়ণপুর ইউনিয়নের জোহুরপুর বেলপাড়া এলাকার উদ্দেশে ছেড়ে যায় এবং মাঝপদ্মায় পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ১২ জন যাত্রী ছিল। নৌকাডুবির পর একটি ২০ দিনের শিশুসহ ১০ জনকে বিএসএফ উদ্ধার করে ভারতের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে, ওয়াসিম নামে একজন সাঁতরে দেশে ফিরে বর্তমানে বাখের আলী বিজিবি ক্যাম্পে রয়েছেন।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, বাখের আলী থেকে একটি নৌকাডুবির ঘটনায় ভারতে উদ্ধার হওয়া ১০ জনকে রাত ১০টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ।
আলীমনগর ঘাটের ইজারাদার আবুল কালাম দাবি করেন, নৌকাডুবির ঘটনায় ১১ জনই জীবিত উদ্ধার হয়েছেন। এ ঘটনায় বর্তমানে কেউ নিখোঁজ নেই।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment