প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ব্যবস্থায় প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করা হবে। এতে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ‘প্রবাসীদের ভোটার নিবন্ধনের প্রক্রিয়া ছিল টু স্টেপ। প্রবাসীরা ফর্ম জমা দেওয়া ও বায়োমেট্রিক দেওয়ার পর তা তদন্তের জন্য আমাদের কাছে আসতো। তদন্ত সম্পন্ন হওয়ার পর সেটি আপলোড হতো। এখন আমরা বলছি, আপনারা বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করে দেবেন। আমরা এখান থেকে তদন্ত করে যথার্থতা পেলে অনুমোদন দিয়ে দেব। এতে একটি ধাপ কমে যাবে।’ তিনি জানান, ভোটার এলাকা পরিবর্তনের (মাইগ্রেশন) আবেদন এখন থেকে সম্পূর্ণ অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সেবার জন্য নির্ধারিত সংশোধন ফি নেওয়া হবে। এনআইডি নবায়নের বিষয়ে ইসি সচিব বলেন, ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়নের ক্ষেত্রে নির্ধারিত ফরমে পরিবারের সদস্যদের তথ্য (ফ্যামিলি ট্রি) দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে তথ্যের সামঞ্জস্য নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, জেএসসি, এসএসসি বা অন্যান্য পাবলিক পরীক্ষার সনদে থাকা জন্মতারিখের ভিত্তিতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা সংশোধনের ক্ষমতা পাবেন। বর্তমানে জন্মতারিখ সংশোধনের কাজ কেন্দ্রীয়ভাবে করা হয়। ইসি সচিব জানান, বর্তমানে ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সীদের তথ্য সংগ্রহ করা হয় এনআইডির জন্য। ১৮ বছর বয়সে পৌঁছানোর পর স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। এর আগে এসব তথ্য ডরমেন্ট অবস্থায় থাকে। তিনি বলেন, তথ্য সংগ্রহের কার্যক্রম আরও নিচের স্তরে নেওয়া যায় কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এটি এসএসসি, অষ্টম শ্রেণি বা প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে করা হবে কি না, সে বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news