বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটে থাকছে সাধারণ ছুটি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনের দিন ভোটের এলাকায় থাকছে সাধারণ ছুটি। সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনী এলাকার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ কর্তৃক স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার রয়েছেন ভোটের মাঠে। এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকার বিধানের কারণে ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল দেয় নির্বাচন কমিশন। অন্যদিকে শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ভোটের মাঠে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news