মৃত্যুর দুই দিন পরই এসএসসির ফল, গোল্ডেন জিপিএ-৫ পেল শিহাব

ফল প্রকাশের দিনটিতে ঘরে থাকার কথা ছিল শিহাবের। স্বজনদের মুখে থাকার কথা ছিল হাসি, বাবা-মায়ের চোখে থাকার কথা ছিল গর্বের অশ্রু। কিন্তু সেই দিনই ঘরজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। কারণ, এসএসসির ফল প্রকাশের মাত্র দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেছে শিহাব। সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সেই শিহাবই পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। সন্তানের এমন অসাধারণ সাফল্যের দিনে আনন্দ করার বদলে একমাত্র ছেলেকে হারানোর শোকে কাতর বাবা-মা ও স্বজনরা। নিহত শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে ঢাকার বিমানবন্দর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, শিহাবের বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারের একমাত্র ছেলে শিহাব ছিল দুই ছোট বোনের বড় ভাই। ছোট চাচা তাজুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আসে তারা। কিন্তু সেই আসাই যে শিহাবের জীবনের শেষ আসা হবে, তা কে জানত! শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের জন্য টানানো রঙিন বাতির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন সন্ধ্যাতেই গ্রামের বাড়িতে দাফন করা হয় শিহাবকে। শিহাবের চাচা তাজুল ইসলাম বলেন, ‘চাকরির কারণে শিহাবের পরিবার ঢাকায় থাকত। চাচার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা গ্রামের বাড়িতে এসেছিল। শিহাব ছিল তার বাবা-মায়ের একমাত্র ছেলে। তার দুটি ছোট বোন রয়েছে। এরপর আসে সোমবার। প্রকাশ হয় এসএসসি পরীক্ষার ফল। ফলাফলের তালিকায় জ্বলজ্বল করছে শিহাবের নাম— গোল্ডেন জিপিএ-৫। যে ফল হাতে পেয়ে শিহাবের মুখে হাসি ফুটে ওঠার কথা ছিল, সেই ফলই এখন পরিবারের কাছে হয়ে উঠেছে গভীর বেদনার স্মৃতি। সন্তানের সাফল্যের আনন্দ আর তাকে হারানোর শোক— দুই বিপরীত অনুভূতি যেন একই সঙ্গে বুকের ভেতর চাপা পড়ে আছে পরিবারের। শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, চাচার বিয়ের অনুষ্ঠানে এসে শিহাবের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এর মধ্যে আজ এসএসসির ফল প্রকাশ হয়েছে। শিহাব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি এখন শোকাহত। তিনি জানান, শিহাবের মৃত্যুতে মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা পরিবারের খোঁজখবর নিয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news