রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে দুই তরুণীর গোপন ভিডিও ধারণের অভিযোগে রঞ্জিত চন্দ্র সরকার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে স্টেশনের সিঁড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক রঞ্জিত চন্দ্র সরকার কুমিল্লার সদর থানার শুভপুর গ্রামের প্রহল্লাদ চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস শ্রমিক। আর অভিযোগকারী দুই তরুণী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থী।
অভিযোগ রয়েছে, মেট্রো স্টেশন থেকে সিঁড়ি দিয়ে নামার সময় ওই দুই তরুণীর অজ্ঞাতে তাদের ভিডিও ধারণ করছিলেন রঞ্জিত। বিষয়টি তরুণীদের নজরে পড়লে তারা প্রতিবাদ করেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, রঞ্জিতের মোবাইল ফোন পরীক্ষা করে ওই দুই তরুণীর ধারণ করা ভিডিও পাওয়া যায়। তাদের একজন বলেন, সিঁড়ি দিয়ে নামার সময় রঞ্জিত তাদের সামনে গিয়ে মোবাইল ফোন পেছনে ধরে হাঁটার দৃশ্য ধারণ করছিলেন।
ওই তরুণীর ভাষ্য, ফোনটি দেখতে চাইলে রঞ্জিত তাতে ব্যক্তিগত ছবি রয়েছে জানিয়ে দেখাতে অস্বীকৃতি জানান। পরে ফোন পরীক্ষা করে অন্য একটি অ্যাপের মাধ্যমে ভিডিও ধারণের বিষয়টি দেখতে পান তারা। তার ফোনে আরও অনেক নারীর পেছন থেকে ধারণ করা ভিডিও পাওয়া গেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
0 Comments
Your Comment