রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬টি সোনার বার জব্দ করা হয়েছে। গতকাল কার্গো ভিলেজে ফলের ক্যারেটের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা বারগুলো একটি গোয়েন্দা সংস্থা ও ঢাকা কাস্টমস হাউস জব্দ করে। হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এ সোনা চোরাচালানের চেষ্টা করা হচ্ছিল বলে জানা গেছে। কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান জানান, বিদেশ থেকে আসা একটি ফলের চালান নিয়ে আগে থেকেই গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে তল্লাশি চালানো হলে ফলের ক্যারেটের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ১৬টি সোনার বার জব্দ করা হয়, যার প্রত্যেকটির ওজন ১ কেজি। তিনি আরও জানান, চালানটি কীভাবে দেশে এসেছে, এর সঙ্গে কারা জড়িত এবং এর গন্তব্য কোথায় ছিল- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments
Your Comment