চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার একদিনে এসব ফ্লাইট বাতিল করা হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে ফ্লাইট বাতিল করতে হচ্ছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আট দিনে এ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটের আগমন ও বহির্গমন মিলিয়ে মোট ৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে সমস্যা শুরু হয়। মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড বন্ধ রয়েছে। তাই এসব রুটের ফ্লাইট বাতিল করতে হচ্ছে। তিনি জানান, যুদ্ধাবস্থার মধ্যেও মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে ফ্লাইট চালু রয়েছে। মাস্কাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইট অবতরণ করেছে এবং আরও একটি ফ্লাইট মাস্কাটের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেছে। এছাড়া মদিনা ও মাস্কাট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট অবতরণ করেছে।
0 Comments
Your Comment