সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা ও সিরাতের আলোয় জীবন গড়ার প্রত্যয়ে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) দেশব্যাপী আয়োজন করেছে জাতীয় সিরাত প্রতিযোগিতা। প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রতিযোগীদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নসহ ৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের সব জেলা ও বিভাগীয় কার্যালয়ে নাম নিবন্ধন করতে হবে। আগামী মে মাসের প্রথম পাক্ষিকে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় ৪৫ হাজার টাকা ও তৃতীয় ৪০ হাজার টাকা। এ ছাড়া ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের জন্যও থাকবে বিভিন্ন পুরস্কার। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে বলা হয়েছে, প্রতিযোগিতাটি জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় পর্যায় এবং এরপর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় শেষ হবে। প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল, আলিয়া ও কওমি মাদ্রাসার ছাত্রছাত্রী (অনূর্ধ্ব ১৫ বছর), ‘খ’ গ্রুপে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, কলেজ ও সমমানের কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রী (অনূর্ধ্ব ১৯ বছর) এবং ‘গ’ গ্রুপে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাধারণ শিক্ষা ও সমমানের কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রী (অনূর্ধ্ব ২৭ বছর) অংশগ্রহণ করতে পারবেন। মে মাসের দ্বিতীয় পাক্ষিকে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাও একই সময়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রশ্ন থাকবে-গ্রুপভিত্তিক নির্বাচিত সিরাত গ্রন্থ থেকে এক কথায় প্রকাশ, এমসিকিউ ও সংক্ষিপ্ত উত্তর। জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা জুন মাসের দ্বিতীয় পাক্ষিকে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
0 Comments
Your Comment