সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন কোচ সালাহউদ্দীন

দীর্ঘদিন ধরে জাতীয় দলে না খেললেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব আল হাসান। সম্প্রতি বিসিবি তাকে আবার দলে ফেরানোর ঘোষণা দিয়েছে। পারফরমেন্স-ফিটনেস ঠিক থাকলে তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করতে পারবেন নির্বাচকরা। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনও জাতীয় দলে এখনো সাকিবের প্রয়োজনীয়তা অনুভব করেন। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ধূমকেতু একাদশের কোচ সালাহউদ্দীন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, যদি কেউ বলে যে সাকিবকে আমি দলে চাই না, আমার মনে হয় সে তাহলে এখনো বোকার স্বর্গে বাস করছে। তার এমন ভাবার কারণও ব্যাখ্যা করেছেন সালাহউদ্দীন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সাকিব থাকলে একটা দলে ভারসম্য চলে আসে। একটা বোলার, একটা ব্যাটসম্যান-আপনি দুই দিকেই পাবেন। দিন শেষে সাকিব কী রকম ফিট থাকে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু তাকে যে কেউই চাইবে। উল্লেখ্য, সাকিবের দেশে ফেরার পথে বড় বাধা তার রাজনৈতিক পরিচয়। জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। সরকার পতনের পর তার নামে হত্যা ও দুর্নীতির মামলা হয়েছে। আইনি জটিলতা কাটিয়ে সাকিবের দেশে ফেরা এবং দেশের হয়ে খেলার পথ সুগম করতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। সাকিবও এখন বাংলাদেশ দলে খেলতে আগ্রহী বলে জানিয়েছে বোর্ড।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news