সৌদি থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল

দেশে ক্রুড অয়েলের সংকটের মধ্যেই মিলেছে সুখবর। সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েলের একটি বড় চালান আসছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এমটি নিনেমিয়া নামের অয়েল ট্যাংকার সৌদির একটি বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী ৬ মে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চীনা পতাকাবাহী ট্যাংকার এমটি নিনেমিয়া সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গতকাল সকাল ৬ টায় রওনা দিয়েছে। এটি ৬ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। বন্দরটির অবস্থান রেড সি’তে হওয়ায় বর্তমান সময়ের বহুল আলোচিত হরমুজ প্রণালি পাড়ি দিতে হবে না। তাই এটি নিরাপদে চট্টগ্রাম পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে। ইআরএল সাধারণত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে আমদানি করা ক্রুড অয়েল পরিশোন করে। বছরে প্রায় ১৫ লাখ টন ক্রুড পরিশোধনের মাধ্যমে ডিজেল, পেট্রোল, জেট ফুয়েলসহ ১৩ ধরনের জ্বালানি তেল ও উপজাত পণ্য উৎপাদন করে থাকে। প্রতি দুই মাসে কাঁচামালের তিনটি চালান আসার কথা থাকলেও মধ্যপ্রাচ্য সংকটের কারণে দুই মাসে একটি চালানও আসেনি। গত ১৮ ফেব্রুয়ারি সর্বশেষ ক্রুড অয়েলের চালানটি এসেছিল।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news