২০২৭ থেকে এসএসসি-দাখিলে অভিন্ন বিষয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা

২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় স্কুল ও মাদ্রাসা শিক্ষাধারায় যেসব বিষয়ের মিল রয়েছে, সেসব বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সাধারণ শিক্ষাধারার এসএসসি পরীক্ষার বিষয় কোডের সঙ্গে মাদ্রাসা শিক্ষাধারার দাখিল স্তরের সংশ্লিষ্ট বিষয়গুলোর কোড সমন্বয় ও পুনর্বিন্যাস করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন বিষয় কোড প্রকাশের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নির্ধারিত বিষয় কোডগুলো নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে দাখিল পরীক্ষা ২০২৭ থেকে কার্যকর হবে। বোর্ডের এ উদ্যোগের ফলে স্কুল ও মাদ্রাসা—দুই শিক্ষাধারার অভিন্ন বিষয়গুলোর ক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়নে সমন্বয় তৈরি হবে। অর্থাৎ যে বিষয়গুলো উভয় ধারায় একই বা সমমানের, সেসব বিষয়ের পরীক্ষায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। তবে মাদ্রাসা শিক্ষাধারার স্বতন্ত্র বিষয়গুলোর ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। দুই ধারার অভিন্ন বিষয়গুলোর প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন ব্যবস্থায় সমন্বয় আনতেই বিষয় কোড পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এর মাধ্যমে প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুত এবং পরীক্ষাসংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে একটি সমন্বিত কাঠামো তৈরি হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থীসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র তৈরি, প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রস্তুত, নম্বরপত্র ও সনদপত্র প্রদানসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সব কার্যক্রমে নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন বিষয় কোড শুধু নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে। বর্তমান ও সাবেক অনিয়মিত পরীক্ষার্থীদের বিষয় কোডে কোনো পরিবর্তন আনা হয়নি। তাদের ক্ষেত্রে পূর্বনির্ধারিত বিষয় কোডই বহাল থাকবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত তালিকায় দাখিল স্তরের বিভিন্ন বিষয়ের পুরোনো ও পুনর্নির্ধারিত নতুন বিষয় কোড উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসা, শিক্ষক ও পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২০২৭ সালের দাখিল পরীক্ষার সব কার্যক্রমে নতুন কোড যথাযথভাবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news