আরব আমিরাতের ভিসা জটিলতায় বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে ভিসা নিয়ে চরম জটিলতায় পড়েছেন বাংলাদেশিরা। ছুটিতে বা অন্য কোনো কারণে আমিরাতের বাইরে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের কারণ ছাড়াই ভিসা বাতিল করছে দেশটির প্রশাসন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। তবে ভিসা বাতিলের কোনো কারণ জানে না পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস। গতকাল দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক বাংলাদেশি যারা ছুটিতে বা অন্য কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, হঠাৎ করে কোনো কারণ উল্লেখ ছাড়াই তাদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে। এতে আমিরাতে রেসিডেন্সি আছে এমন প্রবাসীদের মাঝে অনেক উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। প্রবাসীদের আশ্বস্ত করে দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে ইতোমধ্যে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এটি কি কোনো টেকনিক্যাল ত্রুটি অথবা বিশেষ কোনো কারণে ঘটছে কি না, সেটি জানার ও বোঝার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে অবগত ও নিয়মিত খোঁজখবর রাখছেন। সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে আপনাদের জানাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক ও বাংলাদেশের পতাকা, দূতাবাসের ইমেইল আইডি ব্যবহার করে বিভিন্নজন কিছু অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়াচ্ছেন; অনেকেই আবার তা না বুঝে শেয়ার দিচ্ছেন। এসব বিষয় থেকে দূরে থাকুন। সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে, বাংলাদেশ ও আমিরাতের সব ধরনের আইনকানুন মেনে চলুন ও একমাত্র অফিশিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থা রাখুন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news