BD Highlights
পরবাস

কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি

কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত কোতারায়ায় সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির যৌথ বাহিনী। রবিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিযোগে ৪৭২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩৬৪ জনই বাংলাদেশি নাগরিক।


অভিযানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা এবং অহেতুক জনসমাগমের অভিযোগসহ অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখা হয়। কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা অংশ নেন।


আটক ৪৭২ জনের মধ্যে বাংলাদেশের ৩৬৪ জন ছাড়াও মিয়ানমারের ৫৭ জন, ফিলিপিন্সের ৯ জন, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের ৭ জন করে, ভারতের ৬ জন, চীনের ৩ জন এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।


কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানান, অভিবাসন বিভাগ, সিটি করপোরেশন (ডিবিকেএল), ফায়ার সার্ভিস, জাতীয় নিবন্ধন বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট ৩৩৭ জন কর্মকর্তা যৌথভাবে অভিযানে অংশ নেন।


তিনি জানান, আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। পরে তাদের পরবর্তী তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়।


তদন্তে দেখা যায়, যাচাই করা অধিকাংশ বিদেশির বৈধ কাগজপত্র ছিল। তবে নির্দিষ্ট আইন লঙ্ঘনের অভিযোগে তাদের মধ্য থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়েছে। অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ডিবিকেএল আইনি ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।


হামশাহ ইনজাউ বাংলাদেশিসহ অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশিদের অবিলম্বে ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ (পিআরএম)-এর আওতায় নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অবৈধভাবে বসবাসকারী এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও পরবাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন