পর্তুগালে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় বাংলাদেশি নিহত, আহত ৪

পর্তুগালে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দেশটির আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্ডে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার এই ঘটনায় শোক প্রকাশ করেছে লিসবনের বাংলাদেশ দূতাবাস। নিহত রাম প্রসাদের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছিলেন। দূতাবাস এক বিবৃতিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তার আত্মার শান্তি কামনা করেছে। দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত প্রবাসীর মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে পর্তুগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজ নিতে দূতাবাসের একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর পর্তুগালে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের কর্মক্ষেত্রে এবং চলাচলের সময় নিজস্ব নিরাপত্তার প্রতি সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news