প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি
প্রবাসীদের জন্য পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে দেশটির সরকার। অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীরা এখন নিজেদের কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নির্দিষ্ট যোগ্যতার পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার উদ্যোগ নিতে পারবেন।
মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদিতে যাওয়ার ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে।
নতুন ব্যবস্থার আওতায় যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে আনার সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার আবেদন কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলাকালেই করা যাবে।
এ ক্ষেত্রে পরিবারের সদস্যদের জন্য ভিসা পেতে আবেদনের নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ পরিবারকে সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করার জন্য কর্মীর ওয়ার্ক ভিসা সম্পূর্ণভাবে অনুমোদিত হওয়ার অপেক্ষা করতে হবে না।
সৌদি সরকারের এই উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নেওয়া হয়েছে। এর অন্যতম লক্ষ্য সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুসারে তাদের রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।