সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নলডাঙ্গার তিন প্রবাসী নিহত

সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়ায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা। রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে রিয়াদের মুসাসা এলাকার একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মো. জাকির আলীর ছেলে মো. শামীম হোসেন (৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার মো. গোলাম রাব্বানীর ছেলে মো. সাব্বির আহমেদ শুভ (৩০), মহিশডাঙ্গা গ্রামের মো. আসলাম হোসেনের ছেলে মো. রবিউল আউয়াল হৃদয় (২৫)। খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন যুবক পরিবারের মুখে হাসি ফোটাতে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। তারা রিয়াদের খোরদাম শহরের সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান খাঁন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাব। সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’ তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news