সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

সৌদি আরবের আল-বাহা শহরে সড়ক দুর্ঘটনায় তোফায়েল হোসেন (৩২) নামে কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন আতাউর রহমান। নিহত তোফায়েল হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান তোফায়েল। তিনি আল জাহরাইন কোম্পানির অধীনে আল-বাহা শহরের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। স্বজনরা জানান, ১৩ জুলাই দিবাগত রাতে বাংলাদেশ সময় আনুমানিক রাত ১টার দিকে নাশতা শেষে কর্মস্থলে ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ভোর আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়। তোফায়েলের আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news