ঈদযাত্রায় সড়কে ঝরল ২৭৪ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন

এবারের ঈদুল ফিতরের আগে ও পরে গত ১০ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে সড়ক নিরাপত্তায় কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটির তথ্যমতে, ১৭ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত সারা দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ২৭৪ জন। গত বছর ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হয়েছিলেন। সে হিসেবে এবারের ঈদে প্রাণহানির সংখ্যা বেড়েছে। এবারের ঈদযাত্রায় কিছু দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। গত ২১ মার্চ রাতে কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। এর কয়েক দিন পর ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে ২৬ জনের মৃত্যু হয়। এদিকে, সরকারি সংস্থা বিআরটিএ’র (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) তথ্যমতে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের এক গবেষণা বলছে, ৪২ শতাংশ দুর্ঘটনার মূলে রয়েছে চালকদের বেপরোয়া গতি। এছাড়া ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, দুর্ঘটনা ও মৃত্যুর পরিসংখ্যানই প্রমাণ করে সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, চালকদের সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই কেবল এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news