বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে আরও ১৯ রোগীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। আনোয়ারা মান্নাফ ফাউন্ডেশন এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল দিনভর এ অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। এ নিয়ে হাসপাতালটিতে এ পর্যন্ত ৬ হাজার ৬৮ জনের বিনামূল্যে চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমেদের তত্ত্বাবধানে গতকাল সার্জারিতে অংশ নেন ডা. এন্থনি আলবার্ট, ডা. নুসরাত লুবনা ও ডা. আক্তার ফেরদৌসী জাহান। বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. মাসুদুর রহমান জানান, মানবতার সেবায় অন্ধত্ব নিরসনে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে এ ধরনের চক্ষু শিবিরের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা দেশে চক্ষু ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সেখান থেকে বাছাই করে রোগী এনে ঢাকায় অপারেশন করা হচ্ছে। এ ধরনের ক্যাম্প পরিচালনার মাধ্যমে সারা দেশের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। গতকাল অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া রোগীদের ১০ জন ছিলেন পুরুষ ও ৯ জন নারী। ১৮ জনের চোখের ছানি ও ১ জনের নেত্রনালির অপারেশন সম্পন্ন হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১২ মে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদ কওমি মাদ্রাসা প্রাঙ্গণে একটি প্রাথমিক চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ওই ক্যাম্প থেকে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত রোগীদের মধ্য থেকে প্রথম ১৯ জনের অপারেশন হয়েছে গতকাল।
0 Comments
Your Comment