‘ভালো কাজের’ প্রলোভন দেখিয়ে নারী পাচার করতেন তারা

‘ভালো কাজের’ প্রলোভন দেখিয়ে সিলেট সীমান্ত দিয়ে ভারতে চার নারীকে পাচার করেছিল আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র। এ ঘটনায় দায়ের করা মামলায় পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর একটি দল। শনিবার ভোরে গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইঘাটের খাসিয়া খাওড় গ্রামের আমজাদ হোসেনের ছেলে আলমগীর (২৫) ও একই গ্রামের মৃত রূপ মিয়ার ছেলে আব্দুল হান্নান (২৯)। মামলা সূত্রে জানা যায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে সিলেট সীমান্ত দিয়ে একটি চক্র চার নারীকে ভারতে পাচার করে। ভারতে প্রবেশের পর ওই নারীরা বিএসএফ’র কাছে ধরা পড়েন। ২০২৫ সালের ১৩ অক্টোবর বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পাচারের শিকার এক নারী গোয়াইনঘাট থানায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ওই নারী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন পাটগাতী এলাকার বাসিন্দা। গার্মেন্টেসে কাজ করার জন্য তিনি ঢাকায় আসলে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী ভারতে ভালো কাজ দেয়ার কথা বলে গত বছরের ১১ অক্টোবর তাকে সিলেটে নিয়ে আসেন। পরে পাচারকারী চক্রের সদস্য হাসান তাকে গোয়াইনঘাটের জাফলং নিয়ে আসেন। সেখানে আরও তিন নারীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয়। ওইদিন সন্ধ্যায় গোপালগঞ্জের ওই নারীসহ চারজনকে ভারতে অনুপ্রবেশ করায় পাচারকারী চক্র। কিন্তু পরদিন রাতেই তারা বিএসএফ’র হাতে ধরা পড়ে যান।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news