ঢাকা, চট্টগ্রাম, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও নাটোর জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে বাস-নসিমন সংঘর্ষে, কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ছাড়া অপর দুর্ঘটনার মধ্যে বাসের ধাক্কায়, বালুবাহী ট্রাকের ধাক্কায় নিহত দুই নারীসহ প্রতিটি দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানির ঘটনা ঘটেছে।
ধামরাইয়ে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত : সাভার প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় দুটি মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান দুজন। অপরজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা (২৬), মানিকগঞ্জের শিবালয়ের আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা (১৯) এবং সাভারে পল্লী বিদ্যুৎ এলাকার নকিবুল্লার ছেলে সৈয়দ নাইমুল হক (৩০)। নিহত আবাস মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও সুজয় এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। অপর নিহত সৈয়দ নাইমুল হক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চট্টগ্রাম : পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. আলমগীর (৫৬) ও মেহেদি হাসান (২৫)। শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর (৫৬) আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার রাতে নেভি হাসপাতাল গেট এলাকায় মোটরসাইকেল নিয়ে গর্তে পড়ে যান মেহেদি হাসান। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি কনটেইনারবাহী লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ : দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈ-এর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)। মুন্সিগঞ্জ : শ্রীনগরে বাস ও মালবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শ্রীনগর উপজেলার ঢাকা-বাড়ৈখালী-শিবরামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
0 Comments
Your Comment