৯৪ শতাংশ পথশিশু সরকারের কোনো সুবিধা পাচ্ছে না

সরকার দেশের পথশিশুদের জন্য হাতে গোনা কয়েকটি কর্মসূচি গ্রহণ করলেও পথশিশুদের প্রায় ৯৪ শতাংশ সরকারের কোনো সুযোগসুবিধা পাচ্ছে না। পথে বেড়ে ওঠা শিশুদের ৫৮ শতাংশেরই জন্মসনদ নেই। যার ফলে তারা শিক্ষার অধিকারসহ বিভিন্ন সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কারিতাস বাংলাদেশ আয়োজিত মিডিয়া পরামর্শ সভায় এক জরিপের ফলাফলে এসব তথ্য জানানো হয়। ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী শহরের ৬৬৭ জন পথশিশু ও বস্তি এলাকায় বসবাসরত ১ হাজার ২৪৬টি পরিবারের ওপর এ জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া মোট শিশুদের মধ্যে ৫১ দশমিক ৬ শতাংশ বর্তমানে স্কুল বা মাদরাসায় পড়ছে না। সরকারি সামাজিক নিরাপত্তাবেষ্টনীতে অংশগ্রহণকারী শিশুর সংখ্যা মাত্র ৫ দশমিক ৭ শতাংশ। বাকি ৯৪ দশমিক ৩ শতাংশ পথশিশু সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে রয়েছে।

0 Comments

Your Comment