ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে সৌরভ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রিয়া নামে তাঁর সঙ্গে থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের নেতা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্পিড ব্রেকার অতিক্রম করার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজন সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই সৌরভের মৃত্যু হয়েছে। আহত রিয়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।