ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে নীল সাগর ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেন যাত্রীরা।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। মির্জাপুর স্টেশন পার হওয়ার আনুমানিক ৫ কিলোমিটার যাওয়ার পর মহেড়া স্টেশনের আনুমানিক দুই কিলোমিটার পূর্বে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে টিটি রাসেল চালককে অবহিত করলে মহেড়া স্টেশনের কাছে থামান। বগিটির চাকা এবং রেলের লাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ দুর্ঘটনায় আহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ের কর্মকর্তা রেজাউল করিম জানান, শেষের বগিটি লাইনচ্যুত হওয়ায় সেটাকে রেখেই নীল সাগর ট্রেনটি চলে গেছে। পরে রিলিফ ট্রেন এসে উদ্ধার করছে। তবে সাইড দিয়ে ট্রেন চলাচল করতে পারছে। অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।