কুষ্টিয়ার মিরপুরে নির্জন সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির অভিযোগ উঠেছে। মুখোশ পরা দেশীয় অস্ত্রধারী ৫-৬ জনের একটি দল পূজামণ্ডপে যাওয়ার পথে একটি ভ্যানের নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও টাকা পয়সা ও স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা বিষিনতা মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নির্জন সড়কের ওপর গাছের ডাল ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ৫-৬ জনের একটি দল সেখানে অবস্থান নেয়। ওই পথ দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় এক যুবক কৌশলে নিজেকে রক্ষা করে কাছের একটি মোড়ে থাকা লোকজনকে ডাকাতির খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
এরই মধ্যে পূজামণ্ডপে যাওয়ার পথে একটি ভ্যানে থাকা চার নারী দুর্বৃত্তদের কবলে পড়েন। অভিযোগ অনুযায়ী, তাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। পরে ওই পথ দিয়ে যাওয়া আরেকটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে স্মার্টফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় নগদ অর্থ ও অন্যান্য মালামাল খোয়া যাওয়ার অভিযোগও রয়েছে।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জ্বল হোসেন বলেন, রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশও সেখানে পৌঁছায়। তবে ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ভুক্তভোগীরা স্থানীয় এলাকার বাইরের হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্জন সড়কটির সুযোগ নিয়ে এর আগেও মাঝেমধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও একই কৌশলে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে মালামাল ছিনিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment