সুন্দরবনের ভোলা নদী থেকে ২৬০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি বাল্কহেড কার্গো জাহাজ আটক করেছে বন বিভাগ। এ সময় জাহাজে থাকা ৯ জনকে আটক করা হয়। কয়লার কোনো মালিক পাওয়া যায়নি বলে জানিয়েছে বন বিভাগ।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে নিয়মিত টহলের সময় জাহাজটি আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ও কয়লাবোঝাই জাহাজটি শরণখোলা স্টেশন ঘাটে নিয়ে আসা হয়।
আটক ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুরনবী (৩০), এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবির হোসেন (৩০)। তাদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে বন বিভাগ।
রবিবার রাতে সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, তার নেতৃত্বে বনরক্ষীরা ভোলা নদীতে টহল দেওয়ার সময় জাহাজটি আটক করেন। প্রাথমিকভাবে জানা গেছে, মোংলার পশুর নদীর জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে ২৬০ টন ইন্দোনেশীয় কয়লা বোঝাই করে জাহাজটি। নির্ধারিত গন্তব্যে না গিয়ে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও কয়লা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, জাহাজে থাকা কয়লার কোনো মালিক পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, ভোলা নদীতে কয়লাবোঝাই জাহাজ আটকের খবর তিনি শুনেছেন। বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment