আন্তর্জাতিক রোবটিক্স মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ফেনীর মনির

জাতীয় পর্যায়ের রোবটিক্স প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জনের পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন ফেনীর কৃতি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মনির ও তাঁর দল। আগামী ডিসেম্বর ইতালির রোমে অনুষ্ঠিতব্য ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছে ‘টিম অ্যাস্ট্রো নোভা’। গত ৪ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াডের (এফআইআরএসও) বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড-২০২৬-এ ‘রোবো টেক এন্টারপ্রেনারশিপ অ্যান্ড প্রজেক্ট’ বিভাগে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্রোঞ্জ পদক অর্জন করে দলটি। ফেনী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মনির ‘টিম অ্যাস্ট্রো নোভা’র হয়ে চার সতীর্থের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন। দলের অন্য সদস্যরা হলেন ইরফানুল রাহাত (সাউথইস্ট ইউনিভার্সিটি), মো. রাজাউল করিম ও আকরাম মনি (সোনারগাঁও ইউনিভার্সিটি) এবং মুবিনুল হক (ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ)। দলটির উদ্ভাবনী প্রকল্পের নাম ‘Astro Nova’। এতে ইন্টেলিজেন্ট অটোনমি, নির্ভুল লোকালাইজেশন, রিয়েল-টাইম টেলিমেট্রি ও মডুলার হার্ডওয়্যারের সমন্বয় করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পরিবেশে মানুষের সরাসরি উপস্থিতি কমিয়ে স্বয়ংক্রিয় রোবোটিক প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয়েছে প্রকল্পটির মাধ্যমে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে ‘বন্দি পাঠশালা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান দলের হাতে পদক তুলে দেন। তিনি প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করে দলটির উদ্ভাবনী কাজের প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এর আগেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন আব্দুল্লাহ আল মনির। আগামী ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক ‘ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি চ্যালেঞ্জ’-এও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news