ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে পরকীয়ার অভিযোগে এক নারীকে মারধর, মাথার চুল কেটে দেওয়া ও শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, করাতিপাড়া গ্রামের বাসিন্দা ও কালীগঞ্জ ভূমি অফিসের কর্মচারী আনোয়ার হোসেনের সঙ্গে একই গ্রামের ওই নারীর সাথে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন তন্নি খাতুন নামে এক নারী।
এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে তন্নি খাতুন তাঁর দুই মেয়ে অনি ও কনি এবং ছেলে শুভসহ কয়েকজনকে নিয়ে ওই নারীর বাড়িতে যান। একপর্যায়ে তাঁরা ওই নারীকে মারধর করেন। এ সময় জোরপূর্বক তাঁর মাথার চুল কেটে দেওয়া হয় এবং শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এসময় ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী নারী থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment