বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেছিলেন মাহী নামের এক যাত্রী। পরে অনুতপ্ত হয়ে ফেরার সময় টিকিট কাটলেও আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে ভুলেননি তিনি। এ জন্য বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা ও হাতে লেখা একটি চিরকুট রেখে গেছেন তিনি। তাঁর এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে টাকা ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটে।
চিরকুটে মাহী লিখেছেন, ‘আমি মাহী। গত ৭ সেপ্টেম্বর সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার কারণে টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কেটেছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’
চিরকুটে নিজের নাম ছাড়া অন্য কোনো পরিচয় উল্লেখ করেননি মাহী। ফলে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, যাত্রীদের এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার। তবে ট্রেনে ভ্রমণের জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেশনে আসা উচিত। যিনি এভাবে টাকা ও চিরকুট রেখে গেছেন, তিনি নিজের পরিচয় জানালে তাঁকে ধন্যবাদ জানানো যেত।
তিনি আরও বলেন, রেলওয়ে সরকারি সম্পদ। তাই এর সুরক্ষা ও রক্ষণাবেক্ষণে সবার সচেতনভাবে এগিয়ে আসা উচিত।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment