বিমানে মায়ের মৃত্যু, মরদেহ ওমানে রেখে চট্টগ্রামে ফিরলেন ছেলে

ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে মারা গেছেন চট্টগ্রামের সাতকানিয়ার ছানোয়ারা বেগম (৫৫)। ওমানের মাসকটে বিমানটির জরুরি অবতরণের পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দেশটির আইনি প্রক্রিয়ার কারণে মায়ের মরদেহ সঙ্গে নিতে না পেরে একাই দেশে ফিরেছেন তার ছেলে এরশাদ। বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টা ৪৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, মঙ্গলবার রাতে জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা ওই ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন ছানোয়ারা বেগম। পরে জরুরি অবতরণের জন্য ফ্লাইটটি ওমানের মাসকটে ডাইভার্ট করা হয়। মাসকট বিমানবন্দরে অবতরণের পর চিকিৎসকরা ছানোয়ারা বেগমকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বিমান থেকে নামাতে রয়্যাল ওমান পুলিশের অনুমতির প্রয়োজন হওয়ায় কিছু সময় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। পরে অনুমতি পাওয়ার পর মরদেহ নামিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ছানোয়ারা বেগম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব বিল্লিয়ার পাড়ার বাসিন্দা। গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান তিনি। সেখানে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। আগে থেকেই তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, সৌদি আরবে যাওয়ার পর ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়লে সেখানে তার চিকিৎসাও করা হয়। তবে আইনি বাধ্যবাধকতার কারণে ছেলে এরশাদকে মায়ের মরদেহ ওমানে রেখেই দেশে ফিরতে হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ছানোয়ারা বেগমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news