রাঙামাটিতে মিলল বিরল সাপ

‘হোয়াইট-বার্ড কুকরি’, যা স্থানীয়দের কাছে ‘পাকড়া উদয়কাল সাপ’ নামে পরিচিত। এ সাপটি সম্পূর্ণ নির্বিষ ও বিরল প্রজাতির। সোমবার সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের পেপার মিল এলাকায় কেপিএম ১ নম্বর গেটের নিরাপত্তাকর্মীর অফিস থেকে এটি উদ্ধার করা হয়। জানা গেছে, ওই নিরাপত্তাকর্মী প্রথমে একটি সাপ দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করেন। পরে স্থানীয়দের মাধ্যমে সাপটির খবর পান ওয়াইল্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের কাপ্তাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি ইমরান হোসেন ইমন। তিনি ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। ইমরান হোসেন ইমন বলেন, ‘সাপটি নির্বিষ তাই ধরতে তেমন কোনো সমস্যা হয়নি। সাপটি বিরল প্রজাতির। এটিকে বাঁচিয়ে রাখা খুবই প্রয়োজন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এটি বন বিভাগে হস্তান্তর করার।’ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, ‘আমরা সাপটি গ্রহণ করেছি। তার সুস্থতা দেখে বনে অবমুক্ত করা হবে।’ পরিবেশবিদদের মতে হোয়াইট-বার্ড বা হোয়াইট-বার্ড কুকরি সাপ সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাহাড়ি ও বনাঞ্চলে বেশি দেখা যায়। বিশেষ করে হিমালয়ের পাদদেশ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বনাঞ্চলে এদের উপস্থিতি বেশি।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news