সাত মাসের শিশুর দায়িত্ব পেলেন ১৩ বছরের মা

ঢাকার হাজারীবাগের আলোচিত ১৩ বছরের শিশুমা অনামিকা আক্তার জুঁইয়ের কাছে তার সাত মাস বয়সি সন্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফেসবুক ও টিকটক ব্যবহার না করার শর্তে এ নির্দেশ দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড। গতকাল জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির অভিভাবকত্ব-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, বিদ্যমান আইন অনুযায়ী আপাতত সাত মাস বয়সি শিশুটি তার মায়ের সঙ্গেই থাকবে। একই সঙ্গে শিশুর স্থায়ী অভিভাবকত্ব নির্ধারণ হবে পারিবারিক আদালতে। সম্প্রতি শিশুটির বাবা সেখানে এ বিষয়ে আবেদন করেছেন। তিনি আরও জানান, শুনানির সময় কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি ১৩ বছর বয়সি কিশোরী মা ও তার সাত মাসের শিশুটিকে ঘিরে সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর কিশোরীকে ফুসলিয়ে নিয়ে নোটারির মাধ্যমে বিয়ে করা হয়। পরবর্তীতে তিনি শারীরিক নির্যাতনের শিকার হন এবং একপর্যায়ে সন্তানকে তার কাছ থেকে আলাদা করে রাখা হয়। পরে ঢাকা জেলা লিগ্যাল এইডের উদ্যোগে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এ ঘটনার পর শিশুর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে লিগ্যাল এইডের উদ্যোগে শুনানি অনুষ্ঠিত হয়।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news