সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় হাজারো মানুষের ভোগান্তি

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশান গ্রামে মাত্র দেড় কিলোমিটার কাঁচা রাস্তার জন্য চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।


পিপুলশান গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি প্রতিবন্ধী বিদ্যালয়, স্থানীয় বাজার, মসজিদ ও আশ্রয়ণকেন্দ্র রয়েছে। দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে এই সড়ক দিয়েই প্রতিদিন শত শত মানুষকে যাতায়াত করতে হয়। কিন্তু দীর্ঘ দিনেও রাস্তাটি পাকা না হওয়ায় যাতায়াতে সবাইকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, এই গ্রামে বেশ কয়েকটি মুরগির খামার গড়ে উঠেছে। রাস্তা খারাপ থাকায় খামারে সময়মতো খাদ্য সরবরাহ ও উৎপাদিত পণ্য বাজারে নিতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে বাড়তি পরিবহন খরচ গুনতে গিয়ে তারা আর্থিক লোকসানের মুখে পড়ছেন।


একই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা পেরিয়ে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় পোশাক ও বইখাতা কাদা লেগে নষ্ট হয়ে যায়। এতে বৃষ্টি নামলেই শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়। এছাড়া কোনো জরুরি রোগী দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ থাকে না।


গ্রামবাসীর অভিযোগ, রাস্তাটি পাকা করার জন্য দীর্ঘদিন ধরে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন। বারবার কেবল আশ্বাস মিললেও বাস্তবে সড়কটির কোনো কাজ হয়নি। ভোগান্তি কমাতে অবিলম্বে রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news