সিলেট টেস্টে বাংলাদেশ দলে এক পরিবর্তন
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টের দল থেকে একমাত্র পরিবর্তন হিসেবে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান। বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক।
প্রথম টেস্ট চলাকালীন মাথায় আঘাত পাওয়ায় কনকাশন সংক্রান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না মমিনুল। নিয়ম অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কনকাশন নিশ্চিত হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে বাধ্যতামূলকভাবে অন্তত ৭ দিন খেলার বাইরে থাকতে হয়। মমিনুলের এই অনুপস্থিতিতেই সুযোগ মিলল অমিতের।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দল নিশ্চিত করে বিসিবি। ঢাকা টেস্টে খেলা বাকি সব সদস্যই দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন। আগামী মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।