ডিসেম্বর থেকে কার্যকর হবে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা
দীর্ঘ আলোচনা, দরকষাকষি ও গোপন ভোটের মাধ্যমে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। আগামী ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে টানা বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। এ ছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মাত্র ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করা সম্ভব হয়েছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষ একটি সিদ্ধান্তে পৌঁছেছে। শিগগিরই নতুন মজুরি কাঠামো গেজেট প্রকাশের জন্য পাঠানো হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে বুধবারও বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। তবে চতুর্থ গ্রেড বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে পারেনি। এ কারণে শ্রম আইন অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। ভোটে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে বোর্ডের চারজন সদস্য মত দেন। অন্যদিকে, ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন দুই সদস্য।
মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, যেসব শ্রমিক ন্যূনতম মজুরির চাইতে ইতোমধ্যেই বেশি বেতন পান, সর্বসম্মতিক্রমে তাদের বেতন ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করার সিদ্ধান্ত হয়েছে। সক্ষমতার ভিত্তিতে কারখানাগুলো চাইলে এর বেশিও দিতে পারে। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পোশাকশ্রমিকদের চারটি গ্রেডে মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে।
- চতুর্থ গ্রেড: হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মজুরি ১৭ হাজার টাকা।
- তৃতীয় গ্রেড: জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের মজুরি ১৯ হাজার ২০০ টাকা।
- দ্বিতীয় গ্রেড: সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; বিশেষায়িত কাজের সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকারদের মজুরি ২০ হাজার টাকা।
- প্রথম গ্রেড: সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মজুরি ২১ হাজার ৫০০ টাকা।
বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘ দরকষাকষির একপর্যায়ে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দেন। তবে শেষ পর্যন্ত বোর্ড সদস্যদের ভোটে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।
সোমবার মালিকপক্ষের দেওয়া প্রস্তাব নিয়ে মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। বিকেল ৪টায় সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ডের চেয়ারম্যান। নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে বৈঠক চলে রাত দেড়টা পর্যন্ত। এ সময়ে উভয়পক্ষ মোট ছয় দফা প্রস্তাব দেয়। সর্বশেষ রাত দেড়টায় সর্বসম্মতিক্রমে উভয়পক্ষ ঐক্যমতে পৌছায়।
সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, বিগত দিনে শ্রমিক আন্দোলন হলে ‘নো ওয়ার্ক, নো পে’র আওতায় কারখানা বন্ধ করে দেওয়া হতো। এবার আন্দোলনের কারণে ৫০০-৬০০ কারখানা বন্ধ থাকলেও ‘নো ওয়ার্ক, নো পে’ ঘোষণা করা হয়নি। অতীতে আমরা আন্দোলন দমনে বুলেটের ব্যবহার দেখেছি, এবার তার ব্যতিক্রম ছিল। শ্রমিকদের গণহারে চাকরিচ্যুতও করা হয়নি।
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করার পরও অনেকে আন্দোলন করেছেন। আবার কেউ অন্য কারো স্বার্থে আন্দোলন করছেন। এ কারণে এখনও অসন্তোষ নিয়ন্ত্রণে আসেনি।
তিনি আরও বলেন, মজুরি ঘোষণার পরও কোন সংগঠনের নামে আন্দোলন করা হলে তার দায় ওই সংগঠনকেই নিতে হবে। এর বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্র তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বাবুল আখতার জানান, আন্দোলনের সঙ্গে জড়িত শ্রমিকদের ছাঁটাই বন্ধ, গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং কাউকে হয়রানি না করার বিষয়ে মজুরি বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ করা হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।