BD Highlights
জাতীয়

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক করল মন্ত্রণালয়

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক করল মন্ত্রণালয়

প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য—বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড প্রদানের প্রলোভন দেখিয়ে একটি চক্র অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা জারি করে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক যুগান্তকারী এই ‘প্রবাসী কার্ড’ প্রবর্তনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কার্ডটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি এবং এ-সংক্রান্ত আবেদন কার্যক্রমও শুরু হয়নি।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশে-বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য, বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। মন্ত্রণালয় এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।


প্রবাসী কার্ড চালু হলে এর আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং সুবিধাগুলো সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। তাই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


এ ছাড়া কেউ প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ রক্ষায় সচেতন থাকা এবং প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। প্রয়োজনে যোগাযোগের জন্য তথ্যও দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

  2. নিজের জন্য একটি পছন্দের বাড়ি চেয়েছিলেন শাহরুখ খান

  3. শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

  4. এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য ঢাকা বোর্ডের নির্দেশনা

  5. মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

খবর খুঁজুন