মোংলা থেকে ঢাকা চট্টগ্রামের পরিবহন চলাচল বন্ধ
গোপালগঞ্জে চলা কয়েক দিনের অস্থিরতার কারণে মোংলা থেকে দূরপাল্লার সব যাত্রীবাহী পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এ রুটের যাত্রী সাধারণ।
পরিবহন কাউন্টার ম্যানেজারেরা জানান, গোপালগঞ্জে জ্বালাও পোড়াও আন্দোলনের কারণে মোংলা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিন সকালে ও বিকালে মোংলা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে চলাচল করত নিউ বলেশ্বর পরিবহন, ইভান পরিবহন, জিএস পরিবহন ও রয়েল পরিবহন। আর মোংলা থেকে ঢাকার পথে চলাচল করত বিএম লাইন, আরমান পরিবহন, কমফোর্ট লাইন ও দিগন্ত পরিবহন। কিন্তু গতকাল সকাল ও বিকালে এই দূরপাল্লার রুটে কোনো যানই ছেড়ে যায়নি। এসব পথে চলাচলকারীরা আসলেও গাড়ি বন্ধ থাকায় তারা ফিরে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ব্যাহত হচ্ছে ব্যবসাবাণিজ্য ও প্রয়োজনীয় কাজ।
এদিকে গতকাল সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পরিবহন গোপালগঞ্জে পৌঁছালে হামলাকারীদের কবলে পড়ে। হামলাকারীরা ‘জয়বাংলা’ স্লোগানে পরিবহন অবরুদ্ধ করে। গোপালগঞ্জে অবরুদ্ধের শিকার যাত্রী ও ব্যবসায়ী দিদারুল আলম বিজয় বলেন, বিকাল ৩টার দিকে ইমাদ পরিবহন গোপালগঞ্জে পৌঁছামাত্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেটি অবরুদ্ধ করে। এরপর তারা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে গাড়িতে উঠে সবাইকে শাসিয়ে বলে, ‘সবার মোবাইল চেক করা হবে’। তখন যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে তারা স্লোগান দিয়ে নেমে যায়।
এদিকে অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে আওয়ামী পন্থি পরিবহন মালিকেরা গাড়ি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ উঠেছে যে, গোপালগঞ্জ অজুহাতে গাড়ি বন্ধ রেখে আওয়ামী লীগের লকডাউন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পরিবহন মালিকেরা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।