দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল, কিশোর গ্যাং রোধ, ইভটিজিং ও ‘র্যাগ ডে’-র নামে বিশৃঙ্খলা বন্ধ এবং রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
একই সাথে আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের এসব সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন কম্পাইল করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ইভটিজিং প্রতিরোধ ও র্যাগ ডে’ এর নামে যেকোনো বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার ও প্রচারণা পত্র বিতরণের মাধ্যমে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতা বাড়াতে হবে।
আঞ্চলিক অফিসে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আওতাধীন জেলার মোট প্রতিষ্ঠান সংখ্যা, মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে গৃহীত কার্যক্রমের সার্বিক অগ্রগতি ছক আকারে নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment