BD Highlights
প্রতিবেদন

দাম বাড়লেও বাড়েনি আয়

দাম বাড়লেও বাড়েনি আয়

রাজধানীর মিরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সিরাজুল মোস্তফা। ৪০ হাজার টাকা মাসিক বেতনে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চার সদস্যের সংসার চালাতে গিয়ে প্রতি মাসেই হিমশিম খেতে হচ্ছে তাকে। করতে হচ্ছে ধারদেনা। বাসা ভাড়া ১৮ হাজার টাকা দেওয়ার পর খাবার, গ্যাস-বিদ্যুৎ, যাতায়াত, সন্তানের পড়াশোনা ও চিকিৎসার মতো অত্যন্ত প্রয়োজনীয় খরচ মেটানোর আগেই ফুরিয়ে যাচ্ছে বেতনের টাকা। সব মিলিয়ে তার মাসে প্রয়োজন ৫০ হাজার টাকার বেশি। ফলে প্রতি মাসে অন্তত ১০ হাজার টাকার ঘাটতি থেকেই যাচ্ছে।


শুধু সিরাজুল নন, এমন সংকটে পড়েছে অসংখ্য পরিবার। একদিকে চাল, ডাল, তেল, মাছ-মাংস থেকে শুরু করে সাবান, ডিটারজেন্ট, প্রসাধনসামগ্রী ও ওষুধের দাম বাড়ছে, অন্যদিকে সেই অনুপাতে বাড়ছে না আয়। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, মধ্যবিত্ত পরিবারগুলোকেও এখন সংসারের খরচ চালাতে সঞ্চয় ভাঙতে হচ্ছে, ধারকর্জ করতে হচ্ছে। প্রয়োজনীয় পণ্য কেনাকাটা থেকে শুরু করে খাবার ও চিকিৎসার ব্যয়েও কাটছাঁট করতে হচ্ছে অনেককে।


ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২০২৫ এবং ২০২৬ সালের নভেম্বর মাসের ঢাকা মহানগরীর খুচরা বাজারদর তুলনা করে দেখা যায়, ১ কেজি প্যাকেটজাত আটার দাম এক বছরে ৫২-৫৫ থেকে বেড়ে ৬৫-৭০ টাকা হয়েছে। খোলা ময়দার দাম ৫৫-৬০ থেকে বেড়ে ৭০ এবং প্যাকেটজাত ময়দার দাম ৬৫-৭৫ থেকে বেড়ে ৮৫-৯০ টাকা হয়েছে। অর্থাৎ প্যাকেটজাত ময়দার সর্বোচ্চ দাম এক বছরে ১৫-২০ টাকা বেড়েছে। আর ১ লিটারের বোতলজাত তেলের দাম ১৯০ থেকে বেড়ে ২০৪ আর ২ লিটার ৩৭৫-৩৮৫ থেকে বেড়ে ৪১০ টাকা হয়েছে। ১ কেজি আলুর দাম ২০-২৫ থেকে বেড়ে ২৫-৩০ টাকা হয়েছে। শুকনা দেশি মরিচের সর্বনিম্ন দাম কেজিতে ১০০-১২০ টাকা থেকে বেড়ে ৩২০ এবং তেজপাতার দাম ১৬০-২২৫ থেকে বেড়ে ২৫০-২৮০ টাকা হয়েছে। টিসিবির হিসাবে, এক বছরে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৬০ থেকে বেড়ে ১৮০-১৯০ টাকা হয়েছে। গরুর মাংস ৭৫০-৮০০ থেকে বেড়ে ৮০০-৮৫০ এবং খাসি ১ হাজার-১ হাজার ২০০ থেকে বেড়ে ১ হাজার ২০০-১ হাজার ৩৫০ টাকা হয়েছে। গুঁড়া দুধের মধ্যে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ প্রতি কেজি এক বছর আগে বিক্রি হতো ৭২০ টাকায় আর এখন বিক্রি হচ্ছে ৮৫০-৯৫০ টাকায়। এ ছাড়া ডিপ্লোমা ৯০০-৯৫০, মার্কস ও ফ্রেশ কোম্পানির গুঁড়া দুধ বিক্রি হচ্ছে ৮৭০-৯৫০ টাকায়। ফলে সীমিত আয়ের পরিবারগুলো মাছ-মাংস ও দুধের মতো পুষ্টিকর খাবার কেনার পরিমাণ কমাতে বাধ্য হচ্ছে।


এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে বিভিন্ন কোম্পানির ডিটারজেন্ট পাউডারের প্যাকেট বিক্রি হয়েছিল ১৬০-১৮০ টাকায়। বর্তমানে তা বেড়ে হয়েছে ১৯০-২০০ টাকা। ছোট একটি লাক্স সাবানের দাম ৫৫ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। শীতের প্রয়োজনীয় অনুষঙ্গ ৫০০ গ্রামের নিভিয়া লোশনের বোতল গত বছর ১ হাজার ২৫০ টাকায় পাওয়া গেলেও এখন স্বপ্ন সুপারশপে বিক্রি হচ্ছে ১ হাজার ৩৫০ টাকায়। অর্থাৎ সংসারের ছোটখাটো কেনাকাটাতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, মূল্যস্ফীতির প্রকৃত চাপ বোঝা যায় মানুষের আয় ও ব্যয়ের তুলনামূলক চিত্র থেকে। পণ্যের দাম যে হারে বাড়ছে, মানুষের আয় সে হারে না বাড়ায় প্রকৃত ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। ফলে নির্দিষ্ট আয়ের মানুষ আগের মতো পণ্য ও সেবা কিনতে পারছেন না। সংসারের ব্যয় মেটাতে অনেককে সঞ্চয় ভাঙতে হচ্ছে, ঋণ করতে হচ্ছে এবং খাবার, চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতেও ব্যয় কমাতে হচ্ছে। দীর্ঘদিন এ পরিস্থিতি চলতে থাকলে মানুষের জীবনযাত্রার মানের অবনতি হবে। একই সঙ্গে বাজারে ভোগ্যপণ্যের চাহিদা কমবে, যার নেতিবাচক প্রভাব পড়বে উৎপাদন ও ব্যবসাবাণিজ্যে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব বলছে, মানুষের আয় বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম। গত অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। অথচ একই সময়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৬৩ শতাংশ। আগের মাস সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ একদিকে মূল্যস্ফীতির চাপ থাকছে, অন্যদিকে মজুরি বৃদ্ধির গতিও কমছে। কনজুমারস ফোরামের (সিএফ) হিসাবে, গত সেপ্টেম্বরে ১৫ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ৩ দশমিক ১৩ শতাংশ বেড়েছিল। অক্টোবরে বেড়েছে আরও ৪ দশমিক ৩৯ শতাংশ। দুই মাসে সম্মিলিত মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ৫২ শতাংশে। অক্টোবরে মাছের দাম সবচেয়ে বেশি, ১১ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। মসলার দাম বেড়েছে ১০ দশমিক ৩০ শতাংশ, পিঁয়াজ-রসুন-আদার দাম ৭ দশমিক ৭৯ শতাংশ এবং জ্বালানি তেলের দাম ৬ দশমিক ০২ শতাংশ। খাদ্যপণ্যের বাইরে ওষুধের দামও বেড়েছে। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মূল্য তালিকা পর্যালোচনায় গত তিন মাসে শত শত ওষুধের দাম ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ার তথ্য পাওয়া গেছে। ফলে অসুস্থ পরিবারের সদস্যদের চিকিৎসা চালিয়ে যাওয়াও অনেকের জন্য কঠিন হয়ে পড়ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও প্রতিবেদন

সর্বশেষ

সব খবর
  1. পুলিশে নতুন ১৪ হাজার পদে জনবল নিয়োগের অনুমোদন

  2. পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, উৎপাদন বেড়ে ৫০ লাখ টন ছাড়াল

  3. পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের স্থগিত সভা কাল

  4. উত্তরা-কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলবে কবে, জানা গেল চালুর সম্ভাব্য তারিখ

  5. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

খবর খুঁজুন