উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে দফায় দফায় সংঘর্ষ

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক রিকশা চালককে পিটিয়ে হত্যা ও গুম করার অভিযোগ তুলে উত্তরা স্কয়ার বাণিজ্যিক ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় রিকশা চালকদের সঙ্গে পুলিশের দফায় দফা সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তরায় স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ কর্মকর্তাদের সূত্রে জানা যায়, রবিবার রাতে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে মার্কেটের সামনে রিকশা পার্কিং নিয়ে এক রিকশাচালকের বাগ্‌বিতণ্ডা হয় পরে সেটি মারামারিতে রূপ নেয়। মারমারির এক পর্যায়ে রিকশাচালক মারা গেছেন ও নিহত রিকশাচালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে বলে গুজব ছড়ায়। বিষয়টি দ্রুত অন্যান্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত রিকশা চালকরা সড়ক অবরোধের পাশাপাশি ভবনে ভাঙচুর চালায়। পরে ওই মার্কেটের সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্ধরা ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ছুড়ে। পরে রাত সাড়ে ৩ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনও ঘটনাস্থলের আশেপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, একজন নিখোঁজ থাকার কথা বলা হলেও এখনো তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। কেউ নিহত হয়েছেন কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। তিনি আরও জানান, সেনাবাহিনী ও পুলিশ ভবনের ভেতরে তল্লাশি চালালেও এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news