চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চেয়ারে বসে টেবিলের ওপর পা তোলা ছবি (এআই জেনারেটেড) ভাইরাল হওয়ার ঘটনায় এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।
আটককৃত পারভেজ (১৬) জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে এবং মহিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
জানা যায়, এআই ব্যবহার করে নাচোল থানার ওসির কক্ষে বসে এক যুবক টেবিলের ওপর দুই পা তুলে দিয়েছেন। আর তার দুইপাশে দাঁড়িয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে হাত জোড় করে মিনতি করছেন। এই ছবিটি গতকাল সোমবার (১৩ জুলাই) ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। এরপর থেকেই সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠে। এ ঘটনার পর আজ মঙ্গলবার ভোররাতে তাকে আটক করা হয়।
নাচোল থানার ওসি সুকমল চন্দ্র দেবনাথ বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে সাইবার সিকিউরিটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
0 Comments
Your Comment