কক্সবাজার শহরে পাহাড় ধসে নিহত ১

কক্সবাজার শহরে পাহাড় ধসে একজন নিহত হয়েছেন। এর আগে রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ৮ জন নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার শহরের ১২ নং ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ধসে আলী আকবর নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাত সাড়ে ৪ টার কিছু পর ছাত্তার ঘোনায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এসময় পাহাড় ধসে চাপা পড়ে একই পরিবারের ৩ জন। স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে। এসময় আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১শ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। আরও দুইদিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news