কলেজছাত্রীকে হয়রানি, রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক অনার্স পড়ুয়া ছাত্রীকে যৌনহয়রানি, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওটি রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসার পর তার নির্দেশনায় এক ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। গ্রেফতারকৃতরা হলেন-বোয়ালিয়া থানার কালুমিস্ত্রির মোড় এলাকার রিয়াজন (২০), বান্টি হাসান (১৮) ও তাসিন লাবিব (১৯)। পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে কালুমিস্ত্রির মোড় এলাকায় ওই ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে তাকে যৌনহয়রানি, অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে হয়রানি করা হয় বলে অভিযোগ আছে। এসময় তাকে রাজশাহীতে পড়াশোনা ও অবস্থান করতে না দেওয়ারও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার (১৪ আগস্ট) বোয়ালিয়া থানায় মামলা হওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে কালুমিস্ত্রির মোড় এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। নগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। কিশোর গ্যাং, ইভটিজিং, যৌনহয়রানি, ভয়ভীতি ও হুমকিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news