কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নারী নিহত ও অন্তত ১৫ জন যাত্রী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের দেবীদ্বার ও কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (৩ জুন) দিবাগত রাত ১টায় সিলেট থেকে চট্টগ্রামগামী আফরোজা পরিবহনের একটি নাইট কোচ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ভিড়াল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত নারী যাত্রীর নাম লিজা আক্তার (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার দামপাড়া গ্রামের মীর করিমের স্ত্রী। তিনি চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতেন বলে পুলিশ জানিয়েছেন। সংবাদ পেয়ে দেবীদ্বার থানার একদল পুলিশ, মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এবং মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি টিম এসে স্থানীয়দের সহযোগিতায় রাত ৩টা নাগাদ অভিযান চালিয়ে নিহত নারীর লাশ ও আহতদের উদ্ধার করেন। চান্দিনা থানার ইলিয়েটগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ি থেকে রেকার আসতে বিলম্ব হওয়ায় আহতদের উদ্ধারে বিলম্ব হয়েছে। রবিউল নামের আহত এক যাত্রী জানান, বাস চালক ব্রাহ্মণবাড়িয়া আসার পর থেকে গাড়ি এলোমেলোভাবে চালিয়ে আসছিলেন। আমরা তাকে সতর্কও করেছি। দেবীদ্বার এলাকায় আসার পর হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে কাত হয়ে পড়ে যায়। অধিকাংশ যাত্রীই ঘুমের ঘোরে ছিলেন। গাড়িতে প্রায় ৪০/৪৫ জন যাত্রী ছিলেন। দেবীদ্বার থানার এসআই সাগর সাহা ঘটনাস্থল থেকে রাত ৩টায় জানান, চালক সম্ভবত ঘুমের ঘোরে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনায় ১ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মারাত্মক আহত ৭ জনকে অ্যাম্বুলেন্সে করে কুমেক হাসপাতালে এবং বাকিদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। আমরা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ করেছি। রেকার আসলে বাসটি উঠানোর পরই বলা যাবে বাসের নিচে আর কেউ আছে কি না।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news