কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্ট গুদামের দরজা ভেঙে ২০২ বস্তা সার লুট করে নিয়ে গেছেন। গতকাল দুপুরে শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিলখুড়ি ইউনিয়নের ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ পেলেও কৃষকদের দিতে গড়িমসি করছিলেন। তাঁর মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা সার। গতকাল সকাল থেকে তাঁর ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক একত্রিত হয়ে সার চাইছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ডিলার সার না দেওয়ায় কৃষকরা গুদামের দরজা ভেঙে ২০২ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা পটাশ সার নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বাকি সার লুটে নেওয়া থেকে রক্ষা করে। ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ওই ইউনিয়নে চাহিদা প্রায় ৪ হাজার বস্তা সার। কিন্তু মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। উত্তোলন আরও কম ছিল। ফলে কৃষকরা সার না পেয়ে গুদাম ভেঙে সার নিয়ে যায়। পরে পুলিশ সার লুট বন্ধ করে। এক পর্যায়ে পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসন এবং কৃষি অফিস যৌথভাবে কৃষকদের কাছ থেকে ৫৮ বস্তা সার ফেরত নিতে সক্ষম হয়। বাকি সারও উদ্ধারের জন্য চেষ্টা চলছে। এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত কুমার দেবনাথ জানান, জেলা থেকে কৃষি বিভাগের উপ-পরিচালক উপজেলা কৃষি বিভাগ এবং সার্কেল পুলিশ কর্মকর্তাসহ আমরা কৃষকদের লুট করে নিয়ে যাওয়া সার ফেরত নিচ্ছি। আশা করছি কৃষকরা শান্তিপূর্ণভাবে সেগুলো ফেরত দেবেন।
0 Comments
Your Comment