খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় দারুল আমান মহল্লার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বেবি বেগম (৬৫), তার নাতি শামীম বেপারী (১২) ও মুস্তাকিম বেপারী (৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত শিশুদের মা মেরি বেগমের সঙ্গে তার প্রথম স্বামী মাসুম বেপারীর চার বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি দুই সন্তান ও মাকে নিয়ে আলাদা বাসায় বসবাস করতেন। সম্প্রতি তিনি রফিকুল নামের এক ব্যক্তিকে বিয়ে করেছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ঈদের দিন বিকেল থেকে বেবি বেগম ও তার দুই নাতিকে দেখা যাচ্ছিল না। শনিবার বিকেলে আত্মীয়-স্বজন ওই বাসায় গেলে দুর্গন্ধ পেয়ে সন্দেহ করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে খাটের নিচ থেকে বেবি বেগমের মরদেহ, একটি ট্রাংকের ভেতর থেকে মুস্তাকিমের মরদেহ এবং খাটের ওপর কাপড়ে মোড়ানো অবস্থায় শামীমের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিহত দুই শিশুর মা মেরি বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহগুলোর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news