গাংনীতে গরু বোঝাই নসিমন উল্টে একজন নিহত, আহত ১১

মেহেরপুরের গাংনীর রাইপুর বাজারে গরু বোঝাই নসিমন উল্টে একজন নিহত ও ১১ জন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আজ বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী উজ্জল (৩৫) নিহত উজ্জ্বল মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে গরু বোঝাই নসিমনটি গাংনীর রায়পুর বাজার হয়ে আলমডাঙ্গা পশু হাটে যাচ্ছিল। রায়পুর বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সেটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে উজ্জ্বল ব্যবসায়ী নিহত হন। একই সময়ে আহত হন আরও ১১ ব্যবসায়ী। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদেরকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, রায়পুর নামক স্থানে গরু বোঝাই নসিমন দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0 Comments

Your Comment