গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেওয়ালিয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নেভাতে কিছুটা সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউন মালিকদের দাবি, আগুনে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।ইটকে
0 Comments
Your Comment